গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজশাহীর বাগমারায় পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম আদরী রানী (৩৮)। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামের দুলাল চন্দ্রের স্ত্রী। এই ঘটনার পর থেকে দুলাল পলাতক।
আদরীর বড় ভাই নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাওড়া গ্রামের উজ্জ্বল কুমার অভিযোগ করেন, কয়েক বছর আগে বাগমারার কানাইশহর গ্রামের দুলালের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। সম্প্রতি দুলাল মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। গত বুধবার বিকেলে বিরোধের জের ধরে আদরী রানীকে পেটান ও শ্বাসরোধে হত্যা করেন দুলাল। পরে বারান্দার বাঁশের খুঁটির সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে তিনি পালিয়ে যান। আদরীর ছেলে লিখন (১৪) মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মামাদের খবর দেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর রাতেই থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে গতকাল সকালে নিহত গৃহবধূর আত্মীয়স্বজন থানায় হত্যার অভিযোগ করেছেন। দুলাল চন্দ্র ঘটনার পর থেকে পলাতক। প্রাথমিক সুরতহালে নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।