গৃহবধূকে হত্যার অভিযোগ, শাশুড়ি আটক
বাগেরহাটে যৌতুকের দাবিতে রেক্সোনা বেগম (২৮) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার একটি পুকুর থেকে পুলিশ ওই গৃহবধূর গলায় ইট বাঁধা লাশ উদ্ধার করেছে।
গতকাল রাতে রেক্সোনার ভাই মিজান শেখ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহবধূর শাশুড়ি ফরিদা বেগমকে (৬৫) আটক করেছে পুলিশ। স্বামী আরিফ মল্লিক ও শ্বশুর আকবর আলী মল্লিক পালিয়ে গেছেন।
মিজান শেখের ভাষ্য, ১৩-১৪ বছর আগে ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরিফের সঙ্গে কামটা গ্রামের জব্বার শেখের মেয়ে রেক্সোনার বিয়ে হয়। তাঁদের ১২ ও ৬ বছরের দুটি মেয়ে আছে। কয়েক বছর ধরে আরিফ যৌতুকের জন্য রেক্সোনাকে মারধর করছিলেন। বিষয়টি জেনে আরিফকে প্রথম দফায় ৩০-৪০ হাজার টাকা দেওয়া হয়। এরপর আরও টাকার জন্য আরিফ, তাঁর মা ও বাবা রেক্সোনার ওপর নির্যাতন শুরু করেন। পরে কয়েক দফায় প্রায় দুই লাখ টাকা দেওয়া হয়। এর পরও তাঁরা রেক্সোনাকে বাঁচতে দিলেন না।
ফকিরহাট থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বিধান চন্দ্র রায় বলেন, স্থানীয় এক ব্যক্তি আরিফের বাড়ির পাশের পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় ওই পুকুরে একটি লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় ইট বাঁধা ছিল। লাশ উদ্ধারের ঘটনা জেনে পালিয়ে যাওয়ার সময় ফরিদাকে আটক করা হয়। রেক্সোনার স্বামী ও শ্বশুরকে ধরতে অভিযান চলছে।