গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার
এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউপির ওয়ারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, গতকাল বুধবার মারা যাওয়া গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। গৃহবধূর শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
মারা যাওয়া গৃহবধূর বাবা যশোর সদর উপজেলার শাড়াপুল গ্রামের পরান চক্রবর্তী বলেন, তাঁর মেয়ে রমা চক্রবর্তীকে (২০) আড়াই বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের অশোক মুখার্জীর ছেলে রবীন মুখার্জীর (২২) সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় প্রায় তিন লাখ টাকার সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল যৌতুক হিসেবে দেওয়া হয়। এরপরও যৌতুকের দাবিতে রমাকে তাঁর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন শুরু করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় রমাকে নির্যাতন চালানোর একপর্যায়ে তিনি (রমা) মারা যান। পরে ঘরের আড়ার সঙ্গে শাড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন।