গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুরসহ আটক ৩
বাগেরহাটে যৌতুকের দাবিতে রুনা খাতুন (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী রুনার শ্বশুর, শাশুড়ি ও ননদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের বাবা হত্যার অভিযোগ করলেও শ্বশুরের দাবি আত্মহত্যা।
বাগেরহাট সদর হাসপাতালের মর্গে আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত রুনা সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের মুদি দোকানি সাইফুল শেখের স্ত্রী। ঘটনার পর থেকে সাইফুল শেখ পলাতক। আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত নয়টার দিকে সদর থানা-পুলিশ যাত্রাপুর বাজারের গ্রাম চিকিৎসক আবদুল লতিফের চেম্বার থেকে গৃহবধূ রুনার লাশ উদ্ধার করে।
রুনার বাবা ওহিদ শেখের ভাষ্য, আড়াই বছর আগে লাউপালা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের দাবিতে তাঁর মেয়ের ওপর নির্যাতন করছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। যৌতুকের দাবি মেটাতে জামাইকে প্রায় দুই লাখ টাকাও দিয়েছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, শনিবার রাতে যাত্রাপুর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের চেম্বার থেকে রুনাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা চিকিত্সার জন্য তাঁকে সেখানে নিয়েছিলেন। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে নিহত রুনার শ্বশুর আব্দুস সালাম যৌতুকের দাবি এবং পুত্রবধূকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। বাগেরহাট থানায় বসে আজ রোববার তিনি এই প্রতিবেদককে বলেন, পারিবারিক কলহের জের ধরে রুনা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। গুরুতর অবস্থায় তাঁরা যাত্রাপুর বাজারের ওই চিকিৎসকের কাছে নিয়ে গেছেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।