গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী ও শ্বশুর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে ফারজানা ওরফে বন্নী (২৩) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের নিচা ঢালারপাড় এলাকায় ওই গৃহবধূর শ্বশুর আবদুল মালেক শেখের বাড়ির বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী মো. মিলন শেখ (৩২) ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। ফারজানার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
ফারজানা ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য বাবলু সর্দারের মেয়ে। তাঁর (ফারজানা) মাহিয়া নামে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
মিলন শেখ বলেন, ‘সোমবার রাতে ফারজানা বুকে ব্যথার কথা বললে আমরা তাকে পাশের তেলেডাঙ্গী বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাই। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ফারজানা।’
পল্লি চিকিৎসক মঞ্জু মিয়া বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিলন ফারজানাকে আমার চেম্বারে নিয়ে আসে। আমি ফারজানার মুখে লালার মতো দেখতে পাই।’
ফারজানাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, অভিযোগ করে ফারজানার বাবা বাবলু সর্দার বলেন, ‘তিন বছর আগে মিলনের সাথে ফারজানার বিয়ে হয়। পরে জানা গেছে মিলন বখাটে প্রকৃতির ছেলে। মাঝে মাঝেই আমার মেয়েকে টাকার জন্য মারধর করত। কিছুদিন আগে অটোবাইক কেনার জন্য দুই লাখ টাকা নিয়েছে। এরপর সে (মিলন) আরও টাকার জন্য আমার মেয়েকে চাপ দিত। আমি সেই টাকা দিতে পারিনি বলেই মিলন আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে।’ তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফারজানার মৃত্যুর খবর শুনে তাঁর শ্বশুরবাড়িতে এসে বাড়ির বারান্দায় ফারজানার লাশ দেখতে পাই।’