গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুরে মনিকা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে নয়টার দিকে পুলিশ জগন্নাথপুরের ক-৫/এ নম্বর বাড়ির সাততলা থেকে গৃহবধূ মনিকা আক্তারের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মনিকা তাঁর স্বামী সোহেল রানার সঙ্গে জগন্নাথপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। সোহেল রানা একটি আবাসনপ্রতিষ্ঠানের কর্মচারী। মনিকার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার মধ্য ইসলামাবাদে।
ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, বুধবার রাতেই সোহেল রানা ও তাঁর বোনদের আসামি করে থানায় হত্যা মামলা করেন মনিকার বাবা সাবেক সেনাসদস্য মনির হোসেন। ওই রাতে সোহেলকে জগন্নাথপুরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।