গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার
রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুরে মনিকা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বুধবার রাত পৌনে নয়টার দিকে পুলিশ জগন্নাথপুরের ক-৫/এ নম্বর বাড়ির সাততলা থেকে গৃহবধূ মনিকা আক্তারের লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মনিকা তাঁর স্বামী সোহেল রানার সঙ্গে জগন্নাথপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। তাঁদের তিন বছরের একটি ছেলে আছে। সোহেল রানা একটি আবাসনপ্রতিষ্ঠানের কর্মচারী। মনিকার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার মধ্য ইসলামাবাদে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন প্রথম আলোকে বলেন, বুধবার রাতেই সোহেল রানা ও তাঁর বোনদের আসামি করে থানায় হত্যা মামলা করেন মনিকার বাবা সাবেক সেনাসদস্য মনির হোসেন। ওই রাতে সোহেলকে জগন্নাথপুরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে মনিকার বাবা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে মনিকাকে গলায় ওড়না লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন। সোহেল ঘটনাটি আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন।
মনির হোসেন বলেন, মনিকাকে মারধর করতেন সোহেল ও তাঁর তিন বোন। সম্প্রতি দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসাও হয়েছিল। বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তাঁরা গিয়ে দেখেন, বাসার বাইরে থেকে সিটকিনি লাগানো। দরজার সিটকিনি খুলে সিলিং ফ্যান থেকে মনিকাকে নামিয়ে আনা হয় এবং ভাটারা থানায় খবর দেওয়া হয়।
দুজনের অস্বাভাবিক মৃত্যু: বুধবার রাতে পল্টন থানার পুলিশ বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নম্বর ফটক থেকে অজ্ঞাত (৫৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাঁর পরনে চেক লুঙ্গি রয়েছে। একই রাতে তুরাগের বামনারটেকে একটি বাসায় রান্না করার সময় ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে যান আনিসা বেগম (৫৫)।