গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ অন্যরা পলাতক
শরীয়তপুর সদর উপজেলার আঁটিপাড়া গ্রামে নারগিস আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের মনির হোসেন দেওয়ানের স্ত্রী। গতকাল শনিবার সকালে পুলিশ মনির হোসেনের বসতঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্র জানায়, নড়িয়া উপজেলার চান্দনী গ্রামের রমিজ উদ্দিন মোল্লার মেয়ে নারগিস আক্তার। আট বছর আগে সদর উপজেলার আঁটিপাড়া গ্রামের আমির হোসেন দেওয়ানের ছেলে মনির হোসেন দেওয়ানের সঙ্গে তাঁর বিয়ে হয়। নারগিস-মনির দম্পতির সাত ও তিন বছর বয়সী দুই মেয়ে রয়েছে। মনির রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। তাঁর আয়ে সংসার চলত না, তিনি নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা দিতে রাজি না হলে নারগিসকে মারধর করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। গতকাল সকালে মনির হোসেনের বসতঘরে নারগিসের দেহ ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। ততক্ষণে মনির হোসেন তাঁর বাবা আমির হোসেন ও মা সুফিয়া বেগম, নারগিসের মেয়ে কাজলরেখাকে নিয়ে পালিয়ে যান।
নারগিসের বাবা রমিজ উদ্দিন বলেন, ‘মনির হোসেন টাকার জন্য প্রায়ই আমার মেয়েকে মারধর করত। মেয়ের সুখের কথা বিবেচনা করে কয়েক দফায় তাকে টাকা দিয়েছি। তারপরও পাষণ্ড আমার মেয়েটিকে বাঁচতে দিল না।’
নারগিসের মা রাহিমন বেগম বলেন, ‘টাকার জন্য মনির আমার মেয়েকে অনেকবার মারধর করেছে। বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার সালিস বৈঠক হয়েছে। মেয়ের সংসার ভেঙে যাবে—এ কথা চিন্তা করে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। সে আমার মেয়েকে এভাবে মেরে ফেলবে ভাবতেও পারিনি।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মনির মাদকাসক্ত ছিলেন। সংসারে অভাবও ছিল। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে মনে হয়েছে, নারগিসকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মেয়েটির বাবা হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। স্বামী মনির তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।