গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মনপীরিত গ্রামে গতকাল রোববার সকালে চম্পা বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে চম্পার ভাই আতাউর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় চম্পার স্বামী জাহাঙ্গীর আলম, শ্বশুর রহিম উদ্দিন ও শাশুড়ি সনেকা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পুলিশ সূত্র জানায়, সকালে চম্পা বেগমের ঝুলন্ত লাশ তাঁর বাড়ির পাশের একটি আমগাছের ডালে দেখতে পান প্রতিবেশীরা। কিন্তু পুলিশ আসার আগেই চম্পার শাশুড়ি লাশটি নামিয়ে ফেলেন। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আতাউর রহমান বলেন, বিয়ের পর জানা যায়, বোনের স্বামী মাদকাসক্ত। কাজকর্ম করেন না। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এ কারণে এর আগে তাঁদের মধ্যে একবার বিচ্ছেদও হয়। কিন্তু কিছুদিন পর দুই পক্ষের সমঝোতায় আবারও তাঁদের বিয়ে হয়। তাঁদের ১০ বছরের একটি মেয়ে রয়েছে। নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে।