গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে তৃপ্তি রানী (২৪) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী বিজয় চন্দ্রকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের জগন্নাথ চন্দ্রের মেয়ে তৃপ্তি রানীর সঙ্গে আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের নিপিন চন্দ্রের ছেলে বিজয় চন্দ্রের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই স্বামী বিজয় ও শাশুড়ি বুলবুলী রানী (৪২) মিলে নানা অজুহাতে তৃপ্তিকে মারধর করতেন। এ নিয়ে এলাকায় কয়েকবার বিচার-সালিসও হয়। গত রোববার বিকেলে তৃপ্তিকে তাঁর বাবার বাড়ি থেকে পাঁচ হাজার টাকা এনে দিতে বলেন স্বামী বিজয়। এতে অস্বীকৃতি জানালে দুজনার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তৃপ্তিকে শ্বাস রোধে হত্যা করেন বিজয়।

এ ঘটনায় নিহত তৃপ্তির বাবা গতকাল সোমবার তাঁর মেয়ের স্বামী ও শাশুড়িকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

তবে থানা হাজতে আটক বিজয় চন্দ্র গতকাল সকালে বলেন, ‘মুই তৃপ্তিক মারি ফেলাও নাই। খালি মিচ্ছিয়ানা মারছুন (অল্প মেরেছি)। রাগ হয়া ওয় বিষ খেয়া মরি গেইছে।’