গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে রেখে পালিয়েছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ গতকাল বুধবার রাতে হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পৌর শহরের মুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম রাবেয়া বেগম (২০)। তিনি যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মাইনউদ্দিন সরকারের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমতাজ উদ্দিন বলেন, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গলায় জখমের চিহ্ন রয়েছে। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন একপর্যায়ে হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের মুলবাড়ী গ্রামের আবদুল মান্নানের ছেলে ফরিদ উদ্দিনের সঙ্গে রাবেয়ার প্রেমের সম্পর্ক ছিল। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফরিদ উদ্দিন যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। গতকাল রাত আটটার দিকে এই নির্যাতনের একপর্যায়ে রাবেয়ার গলা টিপে ধরা হয়। ওই সময় রাবেয়া জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করলে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী থানার পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূ রাবেয়া বেগমের লাশ উদ্ধার করে। পরে স্বামী ফরিদ উদ্দিন (২৫), ফরিদ উদ্দিনের বড় বোন মায়া বেগম (৩৫) ও মামি ইয়াছমিনকে (২৮) আটক করে পুলিশ।

রাবেয়ার বাবা মাইনউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, যৌতুকের জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় তাঁর ওপর নির্যাতন করতেন। মেয়ের কাছ থেকে তিনি প্রায়ই এ অভিযোগ শুনতেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।