গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক
ময়মনসিংহে মিনারা আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ নিহত মিনারার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে।
গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গত শনিবার রাতে মিনারা বৈদ্যুতিক পাখায় ঝুলে আত্মহত্যা করেন।
মিনারার বাড়ি ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায়। তাঁর বাবার নাম দুলাল মিয়া। নয় মাস আগে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে মুহিব্বুল আরেফিনের সঙ্গে মিনারার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
নিহত মিনারার পরিবার জানায়, মিনারা ও মুহিব্বুল নিজেদের পছন্দে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। সম্প্রতি দুই পরিবার বিয়ে মেনে নিয়ে আগামী ৩ মার্চ তাঁদের বউভাতের তারিখ নির্ধারণ করে।
মিনারার মা আমিনা খাতুন অভিযোগ করেন, গত শনিবার রাত ১২টার দিকে মুহিব্বুলের পরিবার থেকে মুঠোফোনে জানানো হয়, মিনারা অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। খবর শুনে তাঁরা দ্রুত হাসপাতালে যান। সেখানে গিয়ে দেখেন, জরুরি বিভাগের সামনে মিনারার লাশ পড়ে আছে। মিনারার স্বামীর পরিবারের কেউ নেই। কোতোয়ালি থানা-পুলিশকে বিষয়টি জানালে পুলিশ রাতেই লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।