গৃহবধূকে হত্যার দায়ে একজন গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছাগলে বীজতলার চারাগাছ খাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধুলিয়া গ্রামে বাকেলা খাতুন (৪৩) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বিরাজউদ্দিন (৪৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পরপরই এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে দেয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাকেলার ছাগল চারাগাছ খেয়েছে বলে দাবি করে বিরাজউদ্দিন সেটিকে আটকে রাখেন। খবর পেয়ে বাকেলা ছাগলটি ছাড়াতে বিরাজউদ্দিনের কাছে যান। এ সময় দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে বাকেলার গলায় কোপ দেন বিরাজউদ্দিন। এলাকাবাসী গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিরাজউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।