গৃহবধূকে হত্যার পর মুখে বিষ দিয়ে ধামাচাপার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুলবুলি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সিরাজগঞ্জ আমলি আদালতে আজ সোমবার মামলা করেছেন।
নিহত বুলবুলি খাতুন উপজেলার চরপাড়া গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী। রইচ উদ্দিন এলাকায় প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করতে ব্যর্থ হওয়ায় সিরাজগঞ্জ আমলি আদালতে মামলা করা হয়েছে বলে জানান বুলবুলির বাবা।
মামলার বিবরণ ও নিহত বুলবুলির স্বজনদের সূত্রে জানা গেছে, বুলবুলি খাতুনের বাবার কাছে তাঁর স্বামী দুই বছর ধরে যৌতুকের দাবি করে আসছিলেন। এ নিয়ে পরিবারে কলহের সৃষ্টি হয়। গত শনিবার রাতে বিষয়টি নিয়ে বুলবুলির সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া হয়। এ সময় সবাই মিলে তাঁকে মারধর করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর মুখে বিষ ঢেলে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য রইচ উদ্দিন চেষ্টা চালান। তবে খবর পেয়ে থানা-পুলিশ গতকাল রোববার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
আবু বক্কর বলেন, ‘যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। তারা মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার চালিয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করতে সাহস পাইনি। এ জন্য আদালতে মামলা করেছি।’
এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সবুজ রানা বলেন, পরিবার থেকে আত্মহত্যার কথা বলা হলেও লাশের প্রাথমিক সুরতহালে মৃত্যুর বিষয়ে সন্দেহ হয়। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রথম দিকে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে রাজি হয়নি। পরে তারা আদালতে মামলা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।