দিনাজপুরের নবাবগঞ্জে আশরাফন বেগম (১৯) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ বিলে ফেলে দিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (বাসটেক) গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গৃহবধূর মা আছাতন বেওয়া বাদী হয়ে মঙ্গলবার নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গৃহবধূর স্বামী দেলোয়ার হোসেন (২৪), শ্বশুর আলম মিয়া, শাশুড়ি হোসনে আরা ও প্রতিবেশী আউয়াল মিয়াকে আসামি করা হয়। পুলিশ ওই দিনই দেলোয়ার হোসেন, আলম মিয়া ও হোসনে আরাকে গ্রেপ্তার করেছে। বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী আছাতন বেওয়া জানান, এক বছর আগে দেলোয়ারের সঙ্গে তাঁর মেয়ে আশরাফনের বিয়ে হয়। বিয়ের পর থেকে দেলোয়ারসহ শ্বশুর-শাশুড়ি আশরাফনকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মারধর করতেন। মঙ্গলবার ভোরে দেলোয়ার ও তাঁর বাবা আলম মিয়া হরিপুর (আদর্শপাড়া) তাঁর বাসায় এসে তাঁকে জানান যে গত রাত থেকে আশরাফন বেগমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পর তিনি আশরাফনকে খুঁজতে থাকেন। দুপুর একটার দিকে দেলোয়ারের বাড়ির পাশে আশুড়ার বিলে লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
থানার ওসি আমিরুল ইসলাম জানান, দেলোয়ার পুলিশের কাছে তাঁর স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।