গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কথোরা এলাকায় এনি আক্তার নামের এক গৃহবধূকে গত সোমবার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাঁর স্বামী, শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ওই নারীর চাচাশ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন এনির (৩৩) স্বামী খায়রুল ইসলাম (৩৫), শাশুড়ি রেহেনা বেগম (৫৫), ভাশুর মো. মঞ্জু মিয়া (৪০), জা (মঞ্জুর স্ত্রী) ফারজানা বেগম (২৮) ও চাচাশ্বশুর আফাজ উদ্দিন (৬০)।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর আগে খায়রুলের সঙ্গে এনির বিয়ে হয়। এনির পরিবার অসচ্ছল থাকায় এ বিয়েতে খায়রুলের পরিবারের সম্মতি ছিল না। বিয়ের পর থেকেই এনিকে তালাক দেওয়ার জন্য খায়রুলকে চাপ দিচ্ছিলেন তাঁর মা রেহেনা বেগম ও বড় ভাই মঞ্জু। পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন আগে এনিকে তালাক দেন খায়রুল। এর কিছুদিন পর খায়রুল আবার এনিকে বিয়ে করেন। তিনি কালিয়াকৈর এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু প্রায় দেড় মাস আগে এনিকে ওই বাসায় রেখে খায়রুল গা ঢাকা দেন। এরপর এনি ও তাঁর স্বজনেরা খায়রুলকে গুম করেছেন বলে থানায় অভিযোগ দেয় খায়রুলের পরিবার। পরে খায়রুলকে পুলিশ সাভার পল্লী বিদ্যুৎ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।

এ সময় ওই বাড়িতে খায়রুলের মা রেহেনা বেগমও ছিলেন। পরে আদালতের মাধ্যমে খায়রুলকে কারাগারে পাঠানো হয়। কিন্তু স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে খায়রুলকে কারাগার থেকে জামিনে বের করা হয়। গত বৃহস্পতিবার স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিসে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ৮ লাখ ৫ হাজার টাকায় তাঁদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়। খায়রুলের পরিবার নগদ টাকার পরিবর্তে দুই কাঠা জমি এনিকে রেজিস্ট্রি করে দিতে সম্মত হয়। সোমবার ওই জমি দেওয়ার কথা বলে এনিকে খায়রুলদের বাড়িতে আনা হয়। সেখানে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে এনিকে ফেলে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। খবর পেয়ে এনির বাবা-মা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা এনিকে উঠানে রশি দিয়ে হাত-পা বাঁধা সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান।