গৃহবধূকে ১০১ বেত্রাঘাত, নাকে খত
নওগাঁর রানীনগরে মুঠোফোনে কথা বলা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গ্রাম্য সালিসে এক গৃহবধূকে হাত বেঁধে ১০১টি বেত্রাঘাত করা এবং নাকে খত দেওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ছাতারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সালিসকারীরা গৃহবধূ হাওয়া বিবিকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। এলাকাবাসী ও সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ গত শনিবার রাতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় পুলিশ ওই গ্রামের সালিসকারী আট মাতব্বরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মাতব্বরেরা হলেন ওই গ্রামের মো. বুলু, ইউনুস আলী, ইব্রাহিম হোসেন, ইউনুস মণ্ডল, আশকর আলী, শরিফ উদ্দীন, হোসেন আলী ও আবদুর রহমান। ওই রাতেই হাওয়া বিবি বাদী হয়ে ২১ জনের নামে রানীনগর থানায় মামলা করেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, গ্রামের খয়বর আলীর স্ত্রী হাওয়া বিবির (২৬) সঙ্গে একই গ্রামের বাবুর অনৈতিক সম্পর্ক থাকা এবং মুঠোফোনে কথা বলার অভিযোগ আনেন কয়েকজন মাতব্বর। ২২ জুলাই মঙ্গলবার রাতে তারাবিহর নামাজ শেষে এ বিষয়ে মাতব্বর সখিন আলী, আফতাব উদ্দীন মাস্টার, জাহিদুল ইসলাম, সেকেন্দার আলী, মোসলেম উদ্দীনসহ গ্রামের লোকজন সালিসে বসেন। সালিসে হাওয়া বিবিকে তওবা পড়ানো ও ১০১টি বেত্রাঘাত করা এবং ১০ হাত দূর পর্যন্ত নাকে খত দেওয়ার ‘রায়’ দেওয়া হয়। মাতব্বর সখিন আলী হাওয়া বিবিকে তওবা পড়িয়ে নাকে খত দেওয়ার পর ১০১টি বেত্রাঘাত করার নির্দেশ দেন। এ সময় গৃহবধূকে মোসলেম উদ্দীন নামের আরেক মাতব্বর ১০১টি বেত্রাঘাত করেন। গত শুক্রবার স্থানীয় সাংবাদিকেরা ওই গ্রামে গেলে তাঁদের গৃহবধূর সঙ্গে দেখা করতে দেননি মাতব্বরেরা।
এ ব্যাপারে মাতব্বর সখিন আলী বলেন, গ্রামের মাতব্বর আফতাব উদ্দীন মাস্টার, সেকেন্দার আলী, জাহিদুল ইসলাম, মোসলেম উদ্দীনসহ অন্যান্য মাতব্বরদের উপস্থিতিতে এই সালিস হয়েছে। অনৈতিক কাজ করার অপরাধে তাঁকে শাসন করা হয়েছে। তবে তিনি গৃহবধূকে অবরুদ্ধ করে রাখার কথা অস্বীকার করেছেন।
রানীনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মাদ অনু বলেন, ‘আমি শুক্রবার রাতে ওই গ্রামে গিয়ে গৃহবধূকে বেত্রাঘাত করার সত্যতা পেয়েছি। তবে সালিসের সঙ্গে জড়িত মাতব্বররা খবর পেয়ে সটকে পড়েছিলেন।’ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাবুকে কোনো সাজা দেওয়া হয়নি বলে জানিয়েছেন এসআই শাহিন মোহাম্মাদ অনু।
গৃহবধূ হাওয়া বিবি দাবি করেন, ওই দিন রাতে গ্রামের কয়েক শ মানুষের সামনে তাঁকে বেত্রাঘাত করা হয়েছে। কোনো অপরাধ না করলেও গ্রামের মাতব্বরেরা তাঁর ওপর নির্যাতন করেছেন। সবার সামনে হাত বেঁধে নাকে খত দেওয়ার পর বেত্রাঘাত করেছে মোসলেম উদ্দীন।