গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামে গত সোমবার রাতে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার অভিযোগ, জামাতা নির্যাতন করে হত্যার পর লাশে আগুন ধরিয়ে দিয়েছেন। আর স্বামী বলছেন, স্ত্রী শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া গৃহবধূর নাম শরিফা খাতুন (২৭)। তাঁর স্বামী বাহাদুরপুর গ্রামের মিন্টু মিয়া। তিনি সদর উপজেলার খাজানগর গ্রামের সাইজুদ্দিনের মেয়ে। গতকাল মঙ্গলবার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বাবার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
জেনারেল হাসপাতালের চিকিৎসক আশরাফুল হাসান বলেন, লাশ আগুনে ঝলসে গেছে।
হাসপাতালের মর্গের সামনে শরিফার বাবা সাইজুদ্দিন বলেন, ১০ বছর আগে মিন্টু মিয়ার সঙ্গে মেয়ের বিয়ে দেন। মিন্টু বেকার ছিলেন। বিয়ের পর তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। মাঝেমধ্যেই তিনি শরিফার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তাঁদের তিন ছেলে আছে।
সাইজুদ্দিন ও তাঁর ছেলে নজরুল ইসলাম বলেন, ১৩ দিন আগে মিন্টু মিয়া শ্বশুরবাড়ি এসে ইঞ্জিনচালিত ভ্যান কেনার কথা বলে ৫০ হাজার টাকা চান। তা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান। বাড়ি গিয়ে শরিফার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সোমবার রাত সাড়ে ১০টায় শরিফা আগুনে পুড়ে মারা গেছেন বলে জানতে পারেন। রাত দেড়টার দিকে ভেড়ামারা থানায় গিয়ে লাশ দেখতে পান।
নজরুল ইসলাম বলেন, ‘পুলিশকে মামলা নেবার কথা বললে একটা কাগজে সই করতে বলে। কাগজে সই করার পর লাশ মর্গে পাঠায়। পরে জানতে পারি, কাগজটি অপমৃত্যুর মামলার।’
শরীফার মামা আজিজুল হক, ছোট বোন রুশিয়া খাতুনসহ কয়েকজন বলেন, শরীফাকে তাঁর স্বামী মিন্টু মিয়া মেরে ফেলেছেন। এর সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করেন তাঁরা।
বেলা আড়াইটার দিকে মর্গের সামনে দাঁড়িয়ে ছিলেন মিন্টু মিয়া। সেখানে শরিফার আত্মীয়স্বজন তাঁকে মারধর করেন। তবে তিনি বলেন, ‘তিনি বাড়ির বাইরে ছিলেন। শুনতে পান, তাঁর স্ত্রী বাড়ির পাশে বাঁশবাগানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।’
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরিফা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এ জন্য অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।