গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হত্যা সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। আজ শনিবার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। সাদিয়া ও সাব্বির নামের দুটি সন্তান রয়েছে তাঁদের।

আনোয়ারার শাশুড়ি সাহিদা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তাঁর ছেলে শহিদুল ঢাকায় থাকা অবস্থায় আনোয়ারাকে বিয়ে করেন। এর কিছুদিন পর তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন। আনোয়ারার বাবার বাড়ি চাঁদপুরে। একই বাড়িতে থাকলেও ছেলে শহিদুলের সংসার আলাদা।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সাহিদা বলেন, ‘সকালে জানতে পারি, বউ কয়েকবার পাতলা পায়খানা করেছে। ঘরে গিয়ে তাঁর চোখ-মুখ অস্বাভাবিক দেখতে পাই। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলি। আমি টাকা জোগাড় করে হাসপাতালে গিয়ে ছেলের বউকে মৃত অবস্থায় দেখতে পাই। বউয়ের চর্মরোগ ছিল। এ কারণে তাঁর শরীরের বিভিন্ন স্থানে দাগ ছিল। আমরা কেউ তাঁকে মেরে ফেলিনি। পুলিশ আমাকে ও আমার মেয়েকে থানায় নিয়ে এসেছে।’

রাজবাড়ী সদর থানার আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় জানান, সকাল পৌনে ১০টার দিকে ওই গৃহবধূকে তাঁর স্বামী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এ সময় গৃহবধূর গলায় লালচে দাগ পাওয়া যায়। মৃত্যুর কারণ হিসেবে শহিদুল পাতলা পায়খানার কথা বলেন।

চিকিৎসক সুশীল কুমার বলেন, ‘আমাদের সন্দেহ হলে পুলিশে খবর দিই। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি ও ননদকে থানায় নিয়ে আসা হয়েছে। গৃহবধূর বাবার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আসার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’