গৃহবধূর আত্মহত্যা, প্ররোচনার অভিযোগে শাশুড়ি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত বুধবার রাতে গায়ে আগুন লাগানো অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূর প্রতিবেশীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া বলেন, দুই বছর আগে টানমুশুরী এলাকার কোরবান আলীর ছেলে ছানাউল্লাহ মিয়ার সঙ্গে গাজীপুরের কালীগঞ্জ থানার বালিগঞ্জ এলাকার ইমান হোসেনের মেয়ে রোজিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গৃহবধূ তাঁর স্বামীর আগের একটি বিয়ের কথা জানতে পারেন। এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ হতো।
গত বুধবার বিকেলেও এ নিয়ে স্বামী ছানাউল্লাহ ও শাশুড়ি সূর্যা বানুর সঙ্গে রোজিনার ঝগড়া হয়। রাত সাড়ে ১২টার দিকে নিজের ঘরে ঢুকে গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। আর্তচিৎকার শুনে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই মহসিন মিয়া আরও বলেন, এ ঘটনায় গৃহবধূর বাবা ইমান আলী রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রোজিনার স্বামী ও শাশুড়িকে আসামি করে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করলে পুলিশ সূর্যা বানুকে গ্রেপ্তার করে। তবে ছানাউল্লাহ পলাতক রয়েছেন।