গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার ১
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চাঁদকরিম গ্রামে গত বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান গৃহবধূ রুমি বেগম (২০)। রুমি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই আত্মহত্যার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
রুমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রুমির স্বামী রায়হান মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সাদুল্যাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে রুমির সঙ্গে চাঁদকরিম গ্রামের তারা মিয়ার ছেলে রায়হানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্ক উভয় পরিবার মেনে না নিলে তাঁরা পালিয়ে বিয়ে করেন। গত বছর উভয়ের পরিবার বিয়ে মেনে নিলে তাঁরা ঘর-সংসার শুরু করেন। এরপর থেকে যৌতুকের জন্য রায়হান ও তাঁর পরিবারের লোকজন রুমির ওপর নির্যাতন চালান। একপর্যায়ে যৌতুক হিসাবে ৫০ হাজার টাকাও দেওয়া হয়। এরপরও মোটরসাইকেলের জন্য প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন রায়হান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় রায়হান তাঁকে মারধর করেন। এর জের ধরে রুমি ওই রাতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজীব চন্দ্র রায় বলেন, আগুনে রুমির বুক, পেট ও পিঠের ৩০ শতাংশ পুড়ে গেছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, এ ঘটনায় রেজাউল বাদী হয়ে রায়হানসহ তিনজনকে আসামি করে নারী নির্যাতন আইনে একটি মামলা করেন। রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।