গৃহবধূর ওপর 'অ্যাসিড' নিক্ষেপ
নওগাঁ পৌরসভার চকরামপুর এলাকায় তাসলিমা খাতুন (৩২) নামের এক গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
তাসলিমা বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, দাহ্য পদার্থে তাঁর শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় তাসলিমার স্বামী মোহাম্মদ টুটুল প্রতিবেশী মোহন রহমান (৩৮) ও তাঁর স্ত্রী নাজমা খাতুনের (৩২) বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পাঁচ মাস আগে প্রতিবেশী মোহনের স্ত্রী নাজমার কাছ থেকে মাসে এক হাজার টাকা সুদ দেওয়ার শর্তে ১০ হাজার টাকা ঋণ নেন তাসলিমা। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা ও তাঁর স্বামী তাসলিমার বাড়িতে এসে অ্যাসিড নিক্ষেপ করে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। অ্যাসিড নিক্ষেপের সময় তাসলিমার স্বামী বাড়িতে ছিলেন না।
চিকিৎসক সাইফুদ্দীন বলেন, দাহ্য কোনো পদার্থ পড়ে তাসলিমার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। সেরে উঠতে সময় লাগবে।
তাসলিমা অভিযোগ করেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে মোহনের স্ত্রী নাজমার ডাকে ঘরের দরজা খুলে দিই। দরজা খুলতেই নাজমার সঙ্গে তাঁর স্বামী মোহন ঘরে প্রবেশ করে। কারণ জিজ্ঞাসা করতেই মোহন ভেতর থেকে ঘরের ছিটকিনি আটকে দেয় ও নাজমা ওড়না দিয়ে আমার গলা চেপে ধরে। বাইরে যাওয়ার জন্য দৌড় দিলে পেছন থেকে অ্যাসিড ছুড়ে মারে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাঁরা দুজনেই পালিয়ে যান।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মোহন ও তাঁর স্ত্রী নাজমার বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রকৃত অপরাধী হলে কাউকে ছাড় দেওয়া হবে না।