গৃহবধূর গলাকাটা লাশ, সবজিখেতে স্বাস্থ্যকর্মীর মৃতদেহ
নাটোরে নিখোঁজের তিন দিন পর গতকাল শনিবার মনোয়ারা বেগম (২৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বগুড়ার শেরপুরে একটি সবজিখেত থেকে উদ্ধার করা হয়েছে সাইদুর রহমান (৩৫) নামের এক স্বাস্থ্যকর্মীর মৃতদেহ।
নাটোর সদর থানা ও নিহত গৃহবধূর স্বজনেরা জানান, নিহত মনোয়ারা বেগম ঝিনাপাড়া গ্রামের আমিরুল মন্ডলের স্ত্রী এবং সিংড়া উপজেলার নলবাতা গ্রামের নওজের মন্ডলের মেয়ে। গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত শুক্রবার বিকেলে মনোয়ারার বাবা নওজের মন্ডল মেয়ের বাড়িতে এসে সব ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে পাশের বাড়িতে গিয়ে জামাতা আমিরুলকে পেয়ে মেয়ের খোঁজ করেন। এ সময় আমিরুল বলেন, দুদিন ধরে মনোয়ারা নিখোঁজ। খোঁজখবর নিতে শুরু করেন নওজের মন্ডল। গতকাল সকালে ঝিনাপাড়ার নারদ নদের ধারে রক্তমাখা জামাকাপড় দেখে সন্দেহ হয়। পরে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, নিহত মনোয়ারার স্বামী আমিরুল মন্ডলকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, বগুড়ার শেরপুরের দামুয়া গ্রামের একটি সবজিখেত থেকে গতকাল সকালে সাইদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শক (এফপিআই) পদে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে শহরের উলিপুর এলাকায় থাকতেন তিনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী বলেন, সাইদুর রহমানের মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল। শ্বাসনালির কিছু অংশ কাটাসহ গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে হেরোইন সেবনের উপকরণ পড়ে ছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি কারা এই হত্যার সঙ্গে জড়িত। তবে মাদক-সংক্রান্ত কোনো ঘটনা, নাকি পারিবারিক বিবাদের কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।