গৃহবধূর গায়ে আগুন দেওয়ার চেষ্টা, স্বামীসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পৌর এলাকায় রুমা খাতুন নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন রুমা। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তাঁর স্বামী, শাশুড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রুমার স্বামী ফিরোজ হোসেন, সতিন নাজমা খাতুন, শাশুড়ি মনোয়ারা খাতুন ও ননদ হালিমা খাতুন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সাত বছর আগে পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিস পাড়ার রাউতাইল গ্রামের ফিরোজ হোসেনের (২৮) সঙ্গে সদর উপজেলার ধোপাবিলা গ্রামের রুমার (২০) বিয়ে হয়। রুমা ফিরোজের দ্বিতীয় স্ত্রী। তাঁকে প্রায়ই মারধর করা হতো। গতকাল সকালে পারিবারিক কলহের জেরে স্বামী ও সতিন রুমাকে মারধর করেন। এ সময় শাশুড়ি ও ননদ সহযোগিতা করেন। একপর্যায়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে রুমা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সন্ধ্যায় জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।