গৃহবধূর গায়ে গরম পানি, খুনতির ছেঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বিরুদ্ধে মমতাজ বেগম (২৭) নামের এক গৃহবধূর গায়ে গরম পানি ঢেলে ও খুনতি দিয়ে ছেঁকা দিয়ে গুরুতর জখম করার অভিযোগ পওয়া গেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। গত সোমবার রাতে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ বছর আগে সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মমতাজ বেগমের সঙ্গে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের করিম মিয়ার ছেলে আহাদ মিয়ার (৩৫) বিয়ে হয়। বিয়ের সময় মমতাজ বেগমের পরিবার থেকে যৌতুক হিসেবে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। মমতাজ ও আহাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর ধরে আহাদ মিয়া স্ত্রী-সন্তান নিয়ে মাধবপুর বাজারের পাশে ভাড়া বাড়িতে থাকছিলেন। সেখানে স্বামী-স্ত্রী মিলে ক্ষুদ্র ব্যবসা (ফুটপাতের হোটেল) করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বছর খানেক ধরে আহাদ মিয়া মাদকাসক্ত হয়ে পড়েন। এতে সংসারে অভাব-অনটন দেখা দেয়। কয়েক মাস ধরে আহাদ মিয়া মমতাজ বেগমকে তাঁর বাবার বসতবাড়ির জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

এরই জের ধরে সোমবার সন্ধ্যায় টাকার জন্য মমতাজ বেগমকে মারধর করাসহ শরীরে গরম পানি ঢেলে দেন। এ ছাড়া পেট ও ঊরুতে গরম খুনতি দিয়ে ছেঁকা দিয়ে গুরুতর জখম করেন। মমতাজের চিৎকারে প্রতিবেশীরা এসে মমতাজকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে খবর পেয়ে মমতাজের বাবার বাড়ি থেকে আত্মীয়স্বজন এসে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, মমতাজের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের নিম্নাংশে গরম পানিতে ঝলসে যাওয়া ক্ষত রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মমতাজ বেগমের মা রাজিয়া বেগম (৬০) প্রথম আলোকে বলেন, ‘আমার চাইর মাইয়া, এক ছেলে। ছেলেডা বিদেশে তাহে। বাড়িটা (৮ শতাংশ) সবার নামে দিয়া দিছি। জামাই (আহাদ মিয়া) কয়েক দিন ফর ফর ট্যাহা চায়। নেশা করে। ট্যানা না দিলে মাইয়াডারে মারধর করে।’

ঘটনার পর থেকে আহাদ মিয়া গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।