গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুক না পেয়ে মাজেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের আনসার আলীর ছেলে খোরশেদ আলম, স্ত্রী উম্মে কুলছুম ও মেয়ে নাজমা বেগম। তাঁদের গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পাইকুড়া গ্রামের রহিম বাদশার মেয়ে মাজেদা খাতুনের সঙ্গে একই গ্রামের আনসার আলীর ছেলে খোরশেদ আলমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায় যৌতুকের জন্য মাজেদাকে চাপ দিতেন এবং নির্যাতন করতেন।
৮ অক্টোবর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ি থেকে পাঁচ হাজার টাকা আনার জন্য মাজেদার ওপর চাপ প্রয়োগ করেন। মাজেদা টাকা এনে দিতে অস্বীকার করেন। এ সময় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও তিন ননদ মাজেদাকে ঘরে আটক রেখে মারধর করেন এবং চুল কেটে মাজেদার মাথা ন্যাড়া করে দেন। পরে তাঁরা মাজেদাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বাবার বাড়িতে এসে মাজেদা ঘটনাটি তাঁর বাবা-মা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।
এ ঘটনায় গতকাল সকালে মাজেদার স্বামী খোরশেদ আলম, শ্বশুর আনসার আলী, শাশুড়ি উম্মে কুলছুম, তিন ননদ নাজমা, নাছিমা ও নার্গিছকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। পুলিশ দুপুরে তিনজনকে গ্রেপ্তার করে। ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
খোরশেদ আলম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাঁর পরিবারের কেউ তাঁর স্ত্রীকে মারধর বা চুল কাটেননি।