গৃহবধূর ছবি বিকৃত করার অভিযোগে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল শুক্রবার মোস্তাক আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার খাগরিয়া ইউনিয়নের আকবরপাড়া গ্রামে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের আগে মোস্তাক আহমদ ওই নারীকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়। এ ধরনের কর্মকাণ্ড আর করবেন বলে তিনি মুচলেকা নেন। কিন্তু ওই নারীর বিয়ের পর মোস্তাক তাঁর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেন।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরোজ তারেক বলেন, গৃহবধূর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।