গৃহবধূর ঝুলন্ত লাশ, আটক ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লালটেকী এলাকায় গতকাল শনিবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, আট বছর আগে লালটেকী এলাকার মাহাবুবুল আলমের ছেলে জব্বার হোসেন স্থানীয় শাহজাহান মিয়ার মেয়ে শারমিন বেগমকে (২৬) বিয়ে করেন। বিয়ের পর থেকে জব্বার ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য শারমিনকে চাপ দিয়ে আসছিলেন। পরে বাধ্য হয়ে পর্যায়ক্রমে ১৫ হাজার, ২৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার দেন শারমিনের বাবা। সম্প্রতি জব্বার হোসেন মাদকাসক্ত হয়ে পড়েন। শারমিনকে আবারও বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জব্বার শারমিনকে মারধর করেন। পরে ঘরের আড়ার সঙ্গে শারমিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এ সময় জব্বারকে আটক করা হয়।