গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মোরারপাড়া গ্রামের বুলি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর ভাশুর ও দেবরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বুলি বেগমের (৪০) সঙ্গে তাঁর ভাশুর কালাম মিয়া ও দেবর আলাউদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে ভাশুর ও দেবর মিলে তাঁকে মারধর করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার সালিস বসানো হয়। সেখানে বুলি বেগমের কাছে তাঁর ভাশুর ও দেবরকে ক্ষমা চাওয়ানো হয়। গতকাল ভোরে বাড়ির পেছনে একটি বাঁশের মধ্যে তাঁর ঝুঁলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনূর রহমান বলেন, বুলি বেগমের বাম হাতে কামরের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় ফাঁসির চিহ্ন পাওয়া গেছে।