গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মৃত ওই গৃহবধূর নাম ববিতা বেগম (২৬)। তিনি ঘোষপুর ইউনিয়নের ভাড়ালিয়ারচর গ্রামের ইবাদত বিশ্বাসের স্ত্রী। তিনি আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের টেপু বিশ্বাসের মেয়ে। ইবাদত ও ববিতা দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ববিতা বেগমকে প্রতিবেশীরা দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। এ ঘটনার পর থেকে ববিতার স্বামী ইবাদত আত্মগোপন করেছেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সাইফুদ্দিন আহমেদ বলেন, গতকাল শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ববিতার ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃত ববিতার মামা মো. চুন্নু বিশ্বাস বাদী হয়ে বোয়ালমারী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।