গৃহবধূর পায়ের রগ কেটে দিল বখাটে!
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বখাটে তরুণ আইরিন জামান (২২) নামের এক গৃহবধূর পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার কেডি গোপালপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আইরিন স্বামী ও এক সন্তান নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে থাকেন। আজ সকালে তিনি স্বামী-সন্তানের সঙ্গে বাবার বাড়ি কোটালীপাড়া উপজেলার পিঞ্জরি ইউনিয়নের বহলতলী গ্রাম থেকে স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে কেডি গোপালপুর সেতুর কাছে পৌঁছালে নাহিদ হাওলাদার নামের স্থানীয় এক বখাটে অতর্কিত ছুরি দিয়ে আইরিনের বাঁ পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যান। আইরিনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বিকেলে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা অরূপ রতন বলেন, ‘ধারালো ছুরির আঘাতে আইরিনের বাঁ পায়ের রগ কেটে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করেছি।’
গৃহবধূর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নাহিদ গৃহবধূ আইরিনকে উত্ত্যক্ত করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নাহিদসহ দুজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। নাহিদ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।