গৃহবধূর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় জাহানারা
হাসপাতালের বিছানায় জাহানারা

জাহানারার (১১) বাম বাহুতে দগদগে পোড়া ক্ষত। শরীরের বিভিন্ন অংশ ফুলে আছে। যন্ত্রণায় ছটফট করছে। সে এখন বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জাহানারা আমতলী উপজেলার কালীপুরা গ্রামের মৃত আব্বাস মোল্লার মেয়ে। গতকাল মঙ্গলবার সে জানায়, সে ঢাকা সেনানিবাস এলাকায় এক সেনা কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করত। শুক্রবার রাতে গৃহকর্ত্রী অনি আক্তার (পুরো নাম বলতে পারে না) কাজ করতে বললে সে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে গৃহকর্ত্রী তাকে বেদম মারধর করে ও খুন্তি গরম করে বাম হাতে ছ্যাঁকা দেয়। শনিবার সকালে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
জাহানারার মা সাফিয়া বেগম বলেন, আর্থিক অবস্থা ভালো না হওয়ায় জাহানারাকে তিনি চাচিশাশুড়ি তাসলিমা বেগমের কাছে লালনপালনের জন্য দেন। তাসলিমা চার মাস আগে জাহানারাকে তাঁর ভাগনিজামাই মেজর শরীফ আল মারুফের বাসায় কাজে দেন। ওই মেজরের স্ত্রী অনি আক্তার প্রায়ই বিভিন্ন অজুহাতে মেয়েকে নির্যাতন করতেন। অসুস্থ অবস্থায় জাহানারা শনিবার রওনা দিয়ে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে রোববার সকালে পটুয়াখালী পৌঁছায়। সেখান থেকে তিনি মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এসে সে যন্ত্রণায় ছটফট করছিল। গতকাল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি বিবরণীতে উল্লেখ করা হয়, জাহানারার বাম বাহুতে পাঁচ সেন্টিমিটার পোড়া দাগ রয়েছে। এ ছাড়া পিঠ, ঊরু, বাহু, কোমর ও উভয় হাতে মারপিটের চিহ্ন রয়েছে। চিকিৎসক জোহাইনুল ইসলাম জানান, জাহানারার বাম বাহুতে পোড়া দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
মেজর শরীফ আল মারুফের স্ত্রী অনি আক্তার গতকাল মুঠোফোনে বলেন, ‘আমি ওই মেয়েকে মারধর বা খুন্তি দিয়ে ছ্যাঁকা দিইনি। মেয়েটি আমার বাসা থেকে এবং এর আগে অন্য যেসব বাসায় কাজে ছিল সেখান থেকে মালামাল চুরি করেছে। আমার কাছে প্রমাণাদি আছে। আমার বাসা থেকে চুরি করে ধরা পড়ার পর আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি। এ সময় ও টাকা দাবি করেছিল। আমি দিইনি বলে আমার বিরুদ্ধে এসব অপবাদ দিচ্ছে।’ এ সময় তিনি জানান, তাঁর স্বামী বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত।
এদিকে অসুস্থ জাহানারার চিকিৎসা ও আইনগত সহায়তার জন্য উপজেলা আমলি হাকিম আদালতের আইনজীবী আবুল কাশেম দায়িত্ব নিয়েছেন।