গৃহবধূর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার হিরাঝিল এলাকায় নিপা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুরে হিরাঝিল আবাসিক এলাকা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিপার স্বামী মো. আলাউদ্দিন পলাতক রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার একটি ভাড়া বাড়িতে নিপাকে (৩৫) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বিকেল পাঁচটার দিকে এসআই আরও বলেন, নিপার প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, রাতে নিপার সঙ্গে তাঁর স্বামী আলাউদ্দিনের ঝগড়া হয়। পরে কোনো এক সময় আলাউদ্দিন তাঁদের কক্ষের বাইরে তালা দিয়ে পালিয়ে যান। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপমৃত্যুর মামলা হয়েছে।