গৃহবধূর মৃত্যু, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূ মৌসুমী আক্তারের (২০) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৌসুমীর মা বলছেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন। তবে বোনের দাবি, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন মৌসুমীকে হত্যা করেছেন। হত্যার আগে অপবাদ দিয়ে তাঁকে সালিসে দোররা মারা হয়।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘মৌসুমীর আত্মহত্যার পেছনের কারণগুলো আমরা তদন্ত করে দেখছি। যেহেতু একটা অভিযোগ উঠেছে, সে কারণে ঘটনাটি বিনা তদন্তে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্তে কেউ দোষী হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মার্চে উপজেলার খোলড়া গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে খামার গ্রামের মৃত হবিবর রহমানের মেয়ে মৌসুমীর বিয়ে হয়। পেশায় ট্রাকচালকের সহকারী জাহাঙ্গীর বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে দেবরের সঙ্গে মৌসুমীর সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি নিয়ে ১৪ ডিসেম্বর দুই পরিবারের লোকজন সালিসে বসে। সালিসে অনেকেই মৌসুমীকে দোররা মারার পক্ষে যুক্তি দেন। তবে স্থানীয় তোররা গ্রামের কাজি মো. কালাম মত দেন, বাংলাদেশে দোররা মারার কোনো বিধান নেই। একপর্যায়ে মৌসুমী অনুতপ্ত হয়ে ক্ষমা চান। এ ঘটনার পর মৌসুমীকে তওবা পড়ান কাজি মো. কালাম। এরপর মৌসুমী তাঁর মায়ের বাড়িতে চলে যান। ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর সেখানে যান। ২০ ডিসেম্বর মৌসুমীকে নিয়ে বাড়িতে ফেরেন। পরদিন মৌসুমী আত্মহত্যা করেন।

মৌসুমীর মা মোছা. দুঃখী বেওয়া ২২ ডিসেম্বর হরিপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সালিসে মৌসুমীকে দোররা মারা হয়নি। পরে মৌসুমী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি।’

এদিকে ২২ ডিসেম্বর বিকেলে মৌসুমীর বোন ফিরোজা বেগম হরিপুর থানায় মামলা করতে যান। তিনি দাবি করেন, যৌতুকের দাবিতে নির্যাতনের পর মৌসুমীকে হত্যা করা হয়েছে। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়ে দেন, অপমৃত্যুর মামলার পর আর কোনো মামলা হয় না।

মৌসুমীর ভগ্নিপতি (ফিরোজার স্বামী) আবেদ আলী দাবি করেন, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন মৌসুমীকে তাড়িয়ে দিয়েছিল। যৌতুক দেওয়া হবে, এমন আশ্বাসেই তাঁকে বাড়িতে ফিরিয়ে নেন জাহাঙ্গীর। এরপর পরকীয়ার অপবাদ দিয়ে সালিস ডাকা হয়। সালিসে মৌসুমীকে তওবা পড়ান ও ১০১টি দোররা মারার নির্দেশ দেন কাজি মো. কালাম।

এদিকে হত্যা মামলা না নিলেও পুলিশ গতকাল বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়েছে। মামলাটি করেছেন মৌসুমীর চাচা আবদুল হাই। এতে জাহাঙ্গীর ও কাজি মো. কালামসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এর আগে পুলিশ গত বুধবার কাজি মো. কালামকে আটক করে।

হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানানোর পর আত্মহত্যায় প্ররোচনার মামলা গ্রহণের কারণ জানতে চাইলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, ঘটনাটি নিয়ে অনেক রটনা রয়েছে। আর এটা আত্মহত্যা হলেও এর পেছনে অবশ্যই কোনো প্ররোচনা রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘সালিসে মৌসুমী মাফ চাওয়ায় আমরা সব মেনে নিয়েছিলাম। এ ঘটনার এত দিন পর মৌসুমী এমন ঘটনা ঘটাবে, আমি বুঝে উঠতে পারছি না।’