গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, তিন লাখ টাকায় রফা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার রাতে মমতাজ বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। মামলা না করার শর্তে মমতাজের স্বামীর পক্ষের কিছু লোক গতকাল বুধবার তিন লাখ টাকায় ঘটনাটি মীমাংসা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজের বোন মদিনা খাতুন (২৮)।
এলাকার অন্তত চার-পাঁচজন বাসিন্দা জানান, মমতাজ উপজেলার মুশুলি ইউনিয়নের পালাহার গ্রামের আলী হোসেনের মেয়ে। ছয় মাস আগে মমতাজকে ভালোবেসে বিয়ে করেন উপজেলার বারুইগ্রাম এলাকার মো. রফিকুল ইসলাম।
মমতাজের ছোট বোন বিলকিস বলেন, তাঁর বোনকে প্রথমে মারধর ও পরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন রফিকুল। রফিকুলের নির্যাতনের কারণে দুই সন্তান রেখে তাঁর প্রথম স্ত্রী চলে গেছেন। এখন আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায় তাঁর বোনকে হত্যা করে পথের কাঁটা দূর করেছেন রফিকুল।
পালাহার গ্রামে গেলে মমতাজের বোন মদিনা বলেন, ‘বইনরে তো ফিরত পাইতাম না। মামলা কইরা কী অইব। রফিকুলের গ্রাম থেকে মাতাব্বর শ্রেণির কিছু লোক এসে মামলা না করার শর্তে তিন লাখ টাকায় একটা মীমাংসা করার প্রস্তাব দিয়েছে। এতে রাজি হয়েছি।’
রফিকুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে এ সময় কীভাবে মমতাজের শরীরে আগুন লাগল, এ ব্যাপারে জানতে চাইলে তাঁর শাশুড়ি ফাতেমা খাতুন (৬০) বলেন, গত সোমবার ভোরে মমতাজ নিজের শরীরে আগুন লাগিয়ে দেন। পরে তাঁকে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।