গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ, স্বামীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে গতকাল রোববার রাতে মনিরা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে ওই গৃহবধূর বাবার পরিবার। তাদের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত গৃহবধূর স্বামীসহ তিনজনকে আটক করেছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন নিহত গৃহবধূর স্বামী রতনপুর গ্রামের বাবুল হোসেন, শ্বশুর গোলাম সারোয়ার মোল্লা ও শাশুড়ি কল্পনা খাতুন। ঘটনার পর থেকে গৃহবধূর দেবর এরশাদ আলী পলাতক।
মনিরা খাতুনের বাবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাংবাদিকদের কাছে দেওয়া মনিরা খাতুনের বাবা মনিরুল হকের ভাষ্য, প্রায় আট বছর আগে মনিরা খাতুনের সঙ্গে বাবুল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বেশ কয়েকবার দুই পরিবারের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে মনিরা খাতুনকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডটিকে ভিন্ন দিকে নিয়ে যেতে হত্যার পর তারা মনিরাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাবুল হোসেন দাবি করেছেন, রাতে মনিরা খাতুন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফকরুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরার মৃত্যু হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন প্রথম আলোকে বলেন, নিহত গৃহবধূর গলায় দাগ দেখা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। তিনজন আটক আছেন। তিনি আরও বলেন, এটি হত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।