গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
শেরপুর সদর উপজেলায় গতকাল সোমবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার পরিবারের অভিযোগ, কলহের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেছেন।
উদ্ধার করা লাশটি মাসুদা বেগমের (২২)। তিনি ধোবারচর গ্রামের তহুর আলীর মেয়ে ও দোছরা ছনকান্দা গ্রামের মোজাম্মেল হকের (২৭) স্ত্রী। তাঁর মৃত্যুর ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ কারণে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার এসআই মো. শহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধের মাধ্যমে মাসুদাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে মাসুদা বেগমের বিয়ে হয়। তাঁরা নিঃসন্তান। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলে আসছিল। এ কারণে বেশ কয়েক দিন ধরে মাসুদা বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মাসুদাকে নিয়ে যান মোজাম্মেল। এরপর থেকে মাসুদার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে ধোবারচর গ্রামে মাসুদার আত্মীয় মুন্তাজ আলীর পরিত্যক্ত বাড়ির পাশে তাঁর লাশ পাওয়া যায়। পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
াসুদার ছোট ভাই সাহেব আলী (২০) বলেন, কলহের জের ধরে স্বামী ও তাঁর সহযোগীরা মাসুদাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।