গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি কারখানা থেকে গতকাল শনিবার মিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবুল কাশেম পলাতক। এই দম্পতির ছেলের অভিযোগ, বাবাই তাঁর মাকে হত্যা করেছেন।

মিনা বেগমের ছেলে মো. কাউছার বলেন, তাঁর বাবা আবুল কাশেম হাসনাবাদ এলাকার একটি তারকাঁটার কারখানায় নিরাপত্তাপ্রহরীর কাজ করেন। তাঁর মা গত শুক্রবার সন্ধ্যায় তাঁদের হাসনাবাদের বাসা থেকে খাবার নিয়ে ওই কারখানায় যান। এরপর থেকে তাঁর মায়ের মুঠোফোন বন্ধ। গতকাল সকালে মায়ের খোঁজে বাবার কারখানায় গিয়ে মায়ের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর বাবা কারখানায় ছিলেন না।  থানায় খবর দিলে পুলিশ এসে মায়ের লাশ উদ্ধার করে নিয়ে যায়। তাঁর অভিযোগ, তাঁর বাবাই মাকে হত্যা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, মাথায় আঘাত করে ও শ্বাসরোধে মিনা বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।