গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকা থেকে গতকাল রোববার শাহানারা আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহানারার স্বামী জুমরাতুল ইসলামকে পুলিশ আটক করেছে।
শাহানারা আক্তার শহীদনগর ডিয়ারা এলাকার মৃত আবদুল মালেকের মেয়ে।
শাহানারার বড় বোন জাহানারার ভাষ্যমতে, ছয় মাস আগে প্রেম করে শাহানারাকে বিয়ে করেন জুমরাতুল ইসলাম। বিয়ের পর থেকে শাহানারা শহীদনগরে জুমরাতুলের বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু জুমরাতুল আগে একটি বিয়ে করায় তাঁদের (জাহানারা) পরিবারের কেউ ওই বিয়ে মেনে নেননি। এ ছাড়া জুমরাতুলের সঙ্গে অনেক মেয়ের সম্পর্কও ছিল। গতকাল ভোরে এলাকার লোকজনের মাধ্যমে তাঁরা খবর পান শাহানারা মারা গেছেন। শাহানারা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরে তাঁকে এনে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিবিএতে ভর্তি করানো হয়। বোনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন জাহানারা।
তবে জুমরাতুল ইসলাম বলেন, শাহানারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নগরের মণ্ডলপাড়ায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার এসআই মো. সারোয়ার প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।