চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার রত্নপুর গ্রাম থেকে গতকাল শনিবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূ নাজমা আকতারের (২৭) চাচা দাউদুল ইসলাম বলেন, ‘সকালে নাজমা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেয় তার স্বামী আরমান আলী (৩৮)। আমরা নাজমার শ্বশুরবাড়িতে গিয়ে দেখি লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় আত্মহত্যার কোনো আলামত দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন আমাদের জানান, ভোর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ধারণা করা হচ্ছে, দুই কন্যাসন্তানকে ঘর থেকে বের করে দিয়ে নাজমাকে শ্বাসরোধে হত্যা করেছে আরমান।’ তিনি জানান, এলাকাবাসী আরমানকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম আখন্দ বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর গলায় ও শরীরে জখমের কয়েকটি চিহ্ন দেখা গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মাহবুবুল আলম আখন্দ জানান, ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।