গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকী এলাকায় বাড়ির পাশের খাল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের দাবিতে তাঁকে পিটিয়ে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
গতকাল শনিবার সকালে পৌরসভার তেরবেকী এলাকায় ওই খাল থেকে গৃহবধূ বিলকিছ বেগমের (১৮) লাশ উদ্ধার করা হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আবু তাহের পলাতক রয়েছেন।
গৃহবধূর বাবা জাহাঙ্গীর আলম জানান, তিন মাস আগে সদর উপজেলার উত্তর টুমচর গ্রামের আবু তাহেরের সঙ্গে বিলকিছের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও পরিবারের লোকজন যৌতুক দাবি করে আসছিলেন। গত শুক্রবার গভীর রাতে বিলকিছকে তাঁর স্বামী আবু তাহের বাড়ির সামনের খালপাড়ের ঘাটলায় ডেকে নিয়ে যান। যৌতুক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিলকিছকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ খালের কচুরিপানার নিচে ফেলে রেখে আবু তাহের পালিয়ে যান। সকালে বিলকিছের লাশ ভেসে ওঠে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, বিলকিছ বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর স্বামী আবু তাহেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।