গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে শারমিন আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী আলমগীর হোসেন (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও পরিবার জানায়, ভাইজোড়া গ্রামের তোরাফ শরিফের ছেলে আলমগীর হোসেনের সঙ্গে একই উপজেলার চালিতাবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে শারমিনের দুই বছর আগে বিয়ে হয়। তাঁদের আট মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে আলমগীর যৌতুকের জন্য প্রায়ই শারমিনকে মারধর করতেন। সর্বশেষ গত সোমবার বিকেলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনা শারমিন মুঠোফোনে ভাই আনিছুর রহমানকে জানান। গতকাল সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শারমিনকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছেন।
আলমগীরের বাবা তোরাফ শরিফ বলেন, শারমিন ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।