গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মীরনগর গ্রামের একটি বাড়ি থেকে গতকাল শনিবার শিল্পী আকতার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী রতন মিয়া পলাতক।
শিল্পী আকতারের বাবার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকায়। আর রতন মিয়ার বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার করমউল্লাহপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মাস খানেক আগে স্ত্রী ও ছয় মাসের এক মেয়েশিশুসহ রতন মিয়া মীরনগর গ্রামের রুমা কলোনিতে বাসা ভাড়া নেন। এরপর থেকে প্রায় রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হতো। গত শুক্রবার রাতেও দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল সকালে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পান রতন মিয়া বাসায় নেই। আরেকটি কক্ষে খাটের ওপর কম্বল মোড়ানো অবস্থায় গৃহবধূ শিল্পী আকতারের লাশ পড়ে আছে।
স্থানীয় সূত্র জানায়, রতন মিয়া সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় শ্রমিক সরবরাহের কাজ করতেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরে পুলিশ শিল্পী আকতারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, শিল্পীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি বা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় ওই গৃহবধূকে হত্যা করা হয়। তিনি বলেন, ওই গৃহবধূর স্বামীকে পাওয়া যাচ্ছে না।