গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে লাইলী আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বজনদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লাইলীকে ফাঁস দিয়ে হত্যা করেছেন।
পুলিশ, স্থানীয় লোকজন ও লাইলীর পারিবারিক সূত্র জানায়, নয় বছর আগে যাত্রাপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে শরীফুল ইসলামের সঙ্গে পাশের বাহির চর গ্রামের শেখ আরশেদ আলীর মেয়ে লাইলীর বিয়ে হয়। তাঁদের সংসারে লিমন হোসেন (৫) ও নয় মাস বয়সী ইমন নামে দুই সন্তান রয়েছে। শরীফুল ঢাকার নারিন্দা এলাকায় প্রেসের যন্ত্রপাতি মেরামতের কাজ করেন। সাত মাস আগে লাইলীর অমতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে শরীফুল ও লাইলীর মধ্যে কলহের সৃষ্টি হয়। গত মঙ্গলবার রাত আটটার দিকে ঘরের ভেতর লাইলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন দড়ি কেটে লাশ নিচে নামান। খবর পেয়ে রাত ১০টার দিকে স্বজনেরা ওই বাড়িতে গিয়ে লাইলীর লাশ ঘরের মেঝেতে দেখতে পান। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাইলীর ভাই সুজন হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুজন হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকে ভগ্নিপতি (শরীফুল) ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। দ্বিতীয় বিয়ে করার পর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। মঙ্গলবার দুপুরে শরীফুল বাড়িতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তিনি দাবি করেন, ঝগড়ার জের ধরে সন্ধ্যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর বোনকে ফাঁস দিয়ে হত্যা করেন। এরপর তাঁরা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালান। গতকাল বিকেলে শরীফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।