গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বগারপাড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর শাশুড়িকে পুলিশ আটক করেছে। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার চালাচ্ছে।
নিহত গৃহবধূর নাম রুজি বেগম (২৫)। তিনি সরিষাবাড়ীর বগারপাড় গ্রামের আলম সরকারের (৩৮) স্ত্রী এবং পাশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা গ্রামের আবদুর রহিম খাঁর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, পাঁচ বছর আগে রুজি বেগম ও আলম সরকারের বিয়ে হয়। সাড়ে চার লাখ টাকা যৌতুক ধার্য করে এ বিয়ে হয়। বিয়ের সময় রুজির বাবা সাড়ে তিন লাখ টাকা দেন। বিয়ের পর আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে রুজির সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আলমের বোন নুরুন্নাহার ও জরিনা বেগম এবং ছোট ভাই খোকন গতকাল সকালে রুজিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের ধরনায় গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালান। পুলিশ গতকাল বেলা দুইটায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রুজির শাশুড়ি করিমন নেছাকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন। রুজি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রুজি বেগমের মা রওশন আরা খানম বলেন, ‘আমার মেয়েডারে ওরা এক লাখ টাকার জন্য মাইরে ঝুলাইছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।