গৃহবধূর শরীর ঝলসে দেওয়া হলো গরম পানিতে
যৌতুকের টাকা দিতে না পারায় এক গৃহবধূর শরীর গরম পানিতে ঝলসে দেওয়া হয়েছে। মরিয়ম নেছা ওরফে বীথি (২৪) নামের ওই গৃহবধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন।
গত শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরের ১০ নম্বর ওয়ার্ডের জগদীশপুর কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার হাসপাতালে দেখা যায়, দগ্ধ গৃহবধূ শুয়ে থাকতে পারছেন না। যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর পাশে থাকা বড় বোন বিউটি বেগম অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে মরিয়মের গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন তাঁর স্বামী মাসুম মিয়া। তাঁরা এ ঘটনার বিচার চান।
মরিয়মের বড় ভাই মানিক মিয়া জানান, তাঁদের বাড়ি শহরের রাধাকৃষ্ণপুর এলাকায়। ২০১০ সালে শহরের কেরানীহাট এলাকার মাসুম মিয়ার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছর বয়সী এক ছেলে রয়েছে। বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে প্রায় তিন লাখ টাকা দেওয়া হয়েছে মাসুমকে। এতেও সন্তুষ্ট না হয়ে মরিয়মকে আরও দুই লাখ টাকার জন্য চাপ দেন মাসুম।
এ নিয়ে মরিয়মের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার দিন সন্ধ্যায় মরিয়ম বাবার বাড়ি যেতে চাইলে মাসুম যৌতুকের টাকার জন্য চাপ দেন। বীথি রাজি না হলে মাসুম ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক পেটান। পরে মরিয়মের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তাঁর কোমর থেকে হাঁটু পর্যন্ত ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত দগ্ধ হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জেনেছি। এখনো কোনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বামীসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।’