গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনায় মামলা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের গৃহবধূ পাপিয়া আক্তারের (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গত শনিবার রাতে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী পাপিয়ার বড় ভাই মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের সিরাজুল ইসলাম। আসামিরা হলেন পাপিয়ার স্বামী আশিকুল হক, শ্বশুর আনোয়ারুল হক, শাশুড়ি পারুলা আক্তার, দেবর মাশেকুল হক ও ফুফু শাশুড়ি হাওয়া বিবি। তাঁরা সবাই উলুখলা গ্রামের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যে মাশেকুল হককে গ্রেপ্তার করেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পাপিয়া আক্তার ও আশিকুল হক প্রেম করে দেড় বছর আগে বিয়ে করার পর আশিকুলের পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই পাপিয়াকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত শনিবার সকালে পাপিয়ার শ্বশুরবাড়িতে সালিস হওয়ার কথা ছিল। পাপিয়ার পরিবারের অভিযোগ, সালিসের আগেই শনিবার সকালে শাশুড়ি, দেবরসহ কয়েকজন মিলে পাপিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পাপিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।