গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিল বখাটে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ছোট মোল্লারচর এলাকায় এক বখাটে এক গৃহবধূর (২৫) শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা গৃহবধূকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ওই গৃহবধূ স্থানীয় একটি মিলের শ্রমিক। তিনি বলেন, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুমন (২৭) তাঁকে উত্ত্যক্ত করত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সুমন তাঁর ঘরে ঢুকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সুমন কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিয়া বলেন, গৃহবধূর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর বলেন, ঘটনার পর সুমন পালিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য সুমনের মা, স্ত্রী ও বোনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।