গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে তপতী দাস (২২) নামে এক গৃহবধূর শরীরে তাঁর স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতের এ ঘটনার পর থেকে তপতীর স্বামী সঞ্জয় কুমার দাস (২৬) পলাতক রয়েছেন।
তপতী দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পালের বরাত দিয়ে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিছুর রহমান বলেন, ওই গৃহবধূর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কিশোরগঞ্জের ইটনার এলংজুরী গ্রামের পরেশ দাসের মেয়ে তপতী দাস। তপতী প্রায় পাঁচ-ছয় বছর আগে একই গ্রামের জয় কুমার দাসের ছেলে সঞ্জয় কুমারকে ভালোবেসে বিয়ে করেন। তাঁরা কালিয়াকৈরের পূর্ব চান্দরা দীঘিরপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। সঞ্জয় কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাত ১০টার দিকে সঞ্জয় স্ত্রী তপতীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তপতী ‘আগুন আগুন’ বলে চিৎকার করে ঘরের বাইরে বের হন। পরে অন্য ভাড়াটেরা এসে পানি দিয়ে আগুন নেভান ও তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। খবর পেয়ে গতকাল রোববার সকালে পুলিশ তাঁদের থাকার ঘর থেকে আগুনে পোড়া কাপড় ও চিরকুট লেখা একটি ডায়েরি জব্দ করে। এ ছাড়া সঞ্জয়কে সহযোগিতার অভিযোগে তাঁর বন্ধু সুদিল চন্দ্রকে (৩০) আটক করে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, ঘরের মেঝেতে কেরোসিন ও কেরোসিনের একটি বোতল পড়ে আছে। ঘরে পোড়া জামাকাপড়ও দেখা যায়।
তপতীর পাশের ভাড়াটে বিউটি আক্তার ও ফেরদৌস বলেন, গত শনিবার রাতে তাঁরা সবাই টেলিভিশনে একটি ধারাবাহিক অনুষ্ঠান দেখছিলেন। হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনতে পান। তাঁরা বের হয়ে দেখেন, তপতীর শরীরে আগুন জ্বলছে। তাঁরা পানি ঢেলে আগুন নেভান। পরে তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর থেকে সঞ্জয় পলাতক থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, সঞ্জয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।