গৃহবধূর শরীরে তরল দাহ্য পদার্থ ঢালার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে গত শুক্রবার রাতে ঘরে ঢুকে এক গৃহবধূর শরীরে দাহ্য তরল ঢেলে আহত করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই গৃহবধূ হলেন রিপা আক্তার (২৮)। তিনি চামারুল্লাহ গ্রামের মো. ফরিদ মিয়ার স্ত্রী। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জেরিন আবদুল্লাহ বলেন, গৃহবধূর শরীরে লাল লাল ছোপ দেখা দিয়েছে। তাঁর শরীরে ঢেলে দেওয়া তরলটি অ্যাসিড জাতীয় হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সম্ভব নয়। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার সময় রিপা আক্তার বলেন, শুক্রবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন। ধান কাটার কাজে স্বামী ফরিদ মিয়া নরসিংদী ছিলেন। গভীর রাতে ঝাপ ভেঙে তিন ব্যক্তি ঘরে ঢোকে। ওই তিনজন তাঁর মুখ ও হাত-পা চেপে ধরে শরীরের বিভিন্ন জায়গায় তরল জাতীয় পদার্থ ঢেলে দেয়। এতে তাঁর শরীরে জ্বলুনি শুরু হলে তিনি চিৎকার দেন। দুর্বৃত্তরা তখন পালিয়ে যায়। শরীরে প্রচুর পানি ঢালার পর সকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের উপজেলা শাখার স্বাস্থ্যকর্মী সাফিয়া খাতুনসহ স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বামী ফরিদ মিয়া সেখানে আসেন।
ব্র্যাকের স্বাস্থ্যকর্মী সাফিয়া খাতুন গত রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, রিপা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে কালো ছোপ দেখা দিয়েছে।
ফরিদ মিয়া বলেন, তাঁর ৩৩ শতক জমি রয়েছে। দূর সম্পর্কের আত্মীয় রমজান আলী, নাজিম উদ্দিনসহ কয়েকজন সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করছেন। এ দাবি পাত্তা না দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। গত ২২ ফেব্রুয়ারি ওই দুজনের নেতৃত্বে বেশ কিছু লোক তাঁকে ভিটা-বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেয়। এ ঘটনায় তিনি ২৭ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি অব্যাহত ছিল।
নাজিমের স্ত্রী মিনা আক্তার ও রমজানের স্ত্রী হোসনা আক্তার বলেন, তাঁদের স্বামী এসব ঘটনায় জড়িত নন।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।